চবি সিন্ডিকেটে নতুন সদস্য ড. মনজুরুল কিবরিয়া


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সিন্ডিকেটে আচার্য বা চ্যান্সেলর মনোনীত সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন প্রাণিবিদ্যা বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ও হালদা নদী গবেষক ড. মো. মনজুরুল কিবরিয়া। আগামী দুই বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে গত ১০ ফেব্রুয়ারি স্বাক্ষরিত এক চিঠিতে এই মনোনয়ন দেওয়া হয়। চিঠিটি রোববার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে পৌঁছায় বলে নিশ্চিত করেছেন চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক কে এম সাইফুল ইসলাম।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সাইফুল ইসলাম জানান, চিঠি যেদিন ইস্যু করা হয়েছে, সেদিন থেকেই এই নিয়োগ কার্যকর বলে গণ্য হবে। এ পদে দায়িত্ব গ্রহণের জন্য আলাদা কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই। তার এই নিয়োগের মধ্য দিয়ে সিন্ডিকেটে আচার্য মনোনীত তিনটি ক্যাটাগরির পদই পূর্ণ হলো, যা এতদিন শূন্য ছিল।

প্রতিক্রিয়া জানিয়ে অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বলেন, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শিক্ষক এবং গবেষক হিসেবে দীর্ঘ পথচলায় সব সময় প্রতিষ্ঠানের সম্মান বজায় রাখার চেষ্টা করেছি। সিন্ডিকেট সদস্য হিসেবে এখন আরও বড় পরিসরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক উন্নয়নে কাজ করার সুযোগ তৈরি হলো।

হালদা নদী রক্ষা ও গবেষণায় অবদানের জন্য জাতীয়ভাবে পরিচিত মুখ অধ্যাপক মনজুরুল কিবরিয়া চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানাধীন পূর্ব-সুয়াবিল গ্রামের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। তার বাবা মরহুম আবদুল খালেক ও মা মরহুমা সামেনা বেগম। চার ভাই ও তিন বোনের মধ্যে তিনিসহ সবাই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত।

বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুযায়ী, সিন্ডিকেট হলো বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নির্বাহী পর্ষদ; যেখানে প্রশাসনিক ও একাডেমিক সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন লাভ করে। উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, ডিন, প্রভোস্ট, অধ্যাপক প্রতিনিধি, সিনেট প্রতিনিধি ও চ্যান্সেলর মনোনীত সদস্যসহ মোট ১৭ জন সদস্য নিয়ে এই পর্ষদ গঠিত হয়।