চকরিয়া আইনজীবী সমিতিতে তরুণদের জয়জয়কার


কক্সবাজারের চকরিয়া উপজেলা অ্যাডভোকেট অ্যাসোসিয়েশনের নির্বাচনে প্রবীণ নেতৃত্বের পাশাপাশি তরুণ আইনজীবীদের জয়জয়কার দেখা গেছে। রোববার অনুষ্ঠিত এই নির্বাচনে সভাপতি পদে নিজের ভাবমূর্তি অক্ষুণ্ন রেখে চতুর্থবারের মতো বিজয়ী হয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী হাবিব উদ্দিন মিন্টু। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে বড় চমক দেখিয়ে নির্বাচিত হয়েছেন তরুণ আইনজীবী জাহিদুল ইসলাম। ১১ সদস্যের এই নতুন কমিটিতে তরুণদের প্রাধান্য লক্ষ্য করা গেছে।

রোববার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে অবস্থিত অ্যাসোসিয়েশন কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সংগঠনের ৭৩ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করে ২০২৬-২৭ মেয়াদের জন্য নতুন নেতৃত্ব বেছে নেন।

ভোট গণনা শেষে দেখা যায়, সভাপতি পদে আলহাজ্ব হাবিব উদ্দিন মিন্টু ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. গোলাম ছরওয়ার পেয়েছেন ২৭ ভোট। হাবিব উদ্দিন মিন্টু এর আগেও তিনবার এই সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে প্রথমবারের মতো ভোটযুদ্ধে নেমেই বাজিমাত করেছেন তরুণ আইনজীবী জাহিদুল ইসলাম। তিনি ৩৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহরিয়ার ফয়সাল পেয়েছেন ৩৪ ভোট।

সহসভাপতি পদের দুটিতেও হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। ৪৬ ভোট পেয়ে প্রথম সহসভাপতি নির্বাচিত হয়েছেন ওমর ফারুক এবং ৪৫ ভোট পেয়ে দ্বিতীয় সহসভাপতি হয়েছেন সাইদুর রহমান জিকু। এই পদে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী মোকাম্মেল হক ৪০ ভোট পেয়েছেন। জেলা প্রতিনিধি পদে ৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আশিকুল বছির নকিব; তার প্রতিদ্বন্দ্বী মো. নুরুল আলম নিয়াজী পেয়েছেন ২৯ ভোট।

আপ্যায়ন সম্পাদক পদে ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ডলি সিদ্দিকী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উম্মে কুলসুম পেয়েছেন ৩৪ ভোট। জুনিয়র সদস্য পদে সর্বোচ্চ ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাকিব উল্লাহ। তার বিপরীতে মো. আবচার উদ্দিন পেয়েছেন ১৯ ভোট।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন— সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউছুপ, পাঠাগার সম্পাদক মো. আমিনুল এহেছান এবং সিনিয়র সদস্য পদে মোহাম্মদ ইদ্রিছ আলম ও ফয়জুল কবির।

ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার জ্যেষ্ঠ আইনজীবী মো. নুরুল হুদা, সহকারী নির্বাচন কমিশনার এসএম হেফাজ উদ্দিন ও মো. রায়হান উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা।