হাটহাজারীতে বাজার মনিটরিং, ৫ ব্যবসায়ীকে অর্থদণ্ড


চট্টগ্রামের হাটহাজারীতে পবিত্র রমজান মাস সামনে রেখে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পৌরসভার কাঁচাবাজারে এ অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোট ১১ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ আরমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়ম অমান্য করায় অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ডিজিটাল ক্যাশ রেজিস্ট্রারের (ডিসিআর) মাধ্যমে জরিমানার অর্থ আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় হাটহাজারী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং হাটহাজারী মডেল থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

অভিযানে কৃষি ফার্ম রোড এলাকার আলী স্টোরকে তিন হাজার টাকা, জোনাইদ এন্টারপ্রাইজকে দুই হাজার, এনাম স্টোরকে দুই হাজার ও হাজী এমদাদ স্টোরকে এক হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ছৈয়দ ট্রেডার্স ও আল আমিন পোল্ট্রি নামের প্রতিষ্ঠানকে তিন হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ আরমান জানান, পবিত্র রমজান মাস উপলক্ষে পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন বাজারে মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি সতর্ক করে বলেন, সব ব্যবসায়ীকে অবশ্যই মূল্যতালিকা প্রদর্শন করতে হবে এবং পণ্য ক্রয়ের যাবতীয় কাগজপত্র ও রশিদ সংরক্ষণ করতে হবে।

কোথাও অবৈধ মজুদের খবর পেলে তা দ্রুত উপজেলা প্রশাসনকে জানানোর জন্যও তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।