শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান


সাভারের জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার বেলা ১১টায় তিনি স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

শপথ গ্রহণের পরদিন আজই তার প্রথম কর্মদিবস। শ্রদ্ধা নিবেদনের সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। প্রধানমন্ত্রী শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

প্রধানমন্ত্রীর আগমন ও শ্রদ্ধা নিবেদন ঘিরে স্মৃতিসৌধ এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যদের সমন্বয়ে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। ঢাকা-আরিচা মহাসড়কে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া অনুষ্ঠিত হয়। নিরাপত্তার স্বার্থে এদিন সকাল থেকে সর্বসাধারণের জন্য স্মৃতিসৌধ প্রাঙ্গণ সাময়িকভাবে বন্ধ রাখা হয় এবং পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়।

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি সচিবালয়ে যাবেন বলে জানা গেছে। সেখানে তিনি তার দপ্তরে বসে দাপ্তরিক কার্যক্রম শুরু করবেন। এরপর বিকেলে সচিবালয়ে তার সভাপতিত্বে নবগঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। একই দিনে প্রশাসনের শীর্ষ কর্মকর্তা বা সচিবদের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠক করার কথা রয়েছে। এর মধ্য দিয়ে নতুন সরকারের আনুষ্ঠানিক কার্যক্রম পুরোদমে শুরু হতে যাচ্ছে।