নাফ নদী থেকে ট্রলারসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি


কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা থেকে ট্রলারসহ পাঁচ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। মঙ্গলবার রাতে নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে তাদের আটক করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অপহৃত জেলেরা সবাই টেকনাফের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকার বাসিন্দা। তারা হলেন—মৃত সৈয়দ আলমের ছেলে শাহ আলম (২০), মৃত নজু মিয়ার ছেলে আবুল হোসেন, মৃত মকবুল আহমেদের ছেলে মো. আব্বাস (৪০), আব্দুল মজিদের ছেলে আব্দুল সাহেদ (১৮) এবং মৃত মো. হোসেনের ছেলে মো. ইউনুস (৪০)।

ট্রলারের মালিক ও শাহপরীর দ্বীপের বাসিন্দা মোহাম্মদ উল্লাহ জানান, সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরা শেষে তার মালিকানাধীন ট্রলারটি নিয়ে জেলেরা ঘাটে ফিরছিলেন। রাত হয়ে যাওয়ায় শাহপরীর দ্বীপ সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকায় ট্রলারটি নোঙর করে তারা অবস্থান নেন। কিছুক্ষণ পর হঠাৎ স্পিডবোটে করে এসে আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে ট্রলারসহ ওই পাঁচ জেলেকে ধরে মিয়ানমারের দিকে নিয়ে যায়। এ ঘটনায় জেলেদের পরিবারে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

এ বিষয়ে কোস্ট গার্ড চট্টগ্রাম জোনের লেফটেন্যান্ট কমান্ডার আকিব বলেন, পাঁচ জেলেকে আরাকান আর্মি ধরে নিয়ে যাওয়ার বিষয়টি তারা শুনেছেন। ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। জেলেদের দ্রুত ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় কার্যক্রম চলছে বলে জানান তিনি।