বাঁশখালীতে লবণ চাষিকে কুপিয়ে ৩০০ মণ লবণ লুটের ঘটনায় মামলা


চট্টগ্রামের বাঁশখালীতে লবণের মাঠে কাজ করার সময় এক চাষিকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে ৩০০ মণ লবণ লুট করে নিয়ে যাওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে বাঁশখালী থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী লবণ চাষির ছেলে মো. দিদার হোসাইন।

এজাহারের বরাত দিয়ে জানা যায়, মঙ্গলবার সকাল আনুমানিক ৬টার দিকে উপজেলার ছনুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধুখালী চরপাড়া এলাকার লবণের মাঠে এ হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত লবণ চাষি মোহাম্মদ হোছাইন ওই এলাকার জেবর মুল্লুকের ছেলে। তাকে রক্ষা করতে গিয়ে তার ছেলে মোহাম্মদ দিদারও আঘাতপ্রাপ্ত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মোহাম্মদ হোছাইন তার বর্গা নেওয়া লবণের মাঠে কাজ করতে যান। এ সময় পূর্বপরিকল্পিতভাবে দা, কিরিচ ও লোহার রডসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীদের এলোপাতাড়ি আঘাতে মোহাম্মদ হোছাইনের মাথা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় দায়ের করা মামলায় একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চরপাড়া এলাকার মৃত কবির আহমদের ছেলে আব্দুল কাদের, মো. আজম প্রকাশ জমির এবং মো. মিজানকে আসামি করা হয়েছে। এজাহারে আরও উল্লেখ করা হয়, হামলার সময় অভিযুক্তদের সঙ্গে কলিম উল্লাহ ও নাছিরসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন উপস্থিত ছিল এবং তারা বিক্রির জন্য মাঠে মজুত রাখা প্রায় ৩০০ মণ লবণ লুট করে নিয়ে যায়।

এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ জানান, লবণ মাঠে হামলা ও লুটের ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।