
কক্সবাজারের পেকুয়ায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ তাহসিন নামে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির মা শারমিন আক্তারসহ আরও পাঁচজন যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের মাতবরপাড়া এলাকায় বরইতলী-মগনামা সাবমেরিন নৌঘাঁটি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মোহাম্মদ তাহসিন ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের পালাকাটা এলাকার আবদুল হকের ছেলে।
দুর্ঘটনায় আহত অন্যরা হলেন—নিহত শিশুটির মা শারমিন আক্তার প্রকাশ আনারকলি (৩৫), চকরিয়া উপজেলার বাটাখালী এলাকার উম্মে হাবিবা (২৬) এবং তার দুই শিশু সন্তান আবদু রহমান (১) ও আবদুল্লাহ (৪), চকরিয়া উপজেলার ফাঁশিয়াখালী এলাকার মো. ইউনুছ (৬৫) এবং কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল এলাকার আবুল কাশেমের ছেলে ও সেনাবাহিনীর সদস্য সাহেদ করিম (৩০)।
আহত যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা চকরিয়া থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে এক আত্মীয়ের জানাজায় অংশ নিতে কুতুবদিয়ার কৈয়ারবিলে যাচ্ছিলেন। পথে পেকুয়ার মাতবরপাড়া এলাকায় পৌঁছালে মগনামা থেকে ছেড়ে আসা কক্সবাজারমুখী ‘বলাকা সার্ভিস’ নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মায়ের কোলে থাকা শিশু মোহাম্মদ তাহসিনের মাথায় গুরুতর আঘাত লাগে। দ্রুত তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আহত অন্য যাত্রীদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে নিহত শিশুটির মা শারমিন আক্তারের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পেকুয়া থানার পরিদর্শক (তদন্ত) ইমরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশাটি জব্দ করেছে। এ বিষয়ে নিহতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
