
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এনামুল হক এনাম শপথ নেওয়ার পরই নিজের দেওয়া প্রতিশ্রুতি পূরণে মাঠে নেমেছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে তিনি উপজেলার জঙ্গলখাইন ও হাবিলাসদ্বীপ ইউনিয়নের কয়েকটি দূষিত খাল স্বশরীরে পরিদর্শন করেন এবং দূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ফুলকলি ফ্যাক্টরিসহ কয়েকটি কারখানার দূষিত বর্জ্যে আশপাশের এলাকায় ব্যাপক পরিবেশ দূষণ ছড়াচ্ছে। কারখানার পাশে স্কুল ও কলেজ থাকায় শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানও চরমভাবে ব্যাহত হচ্ছে। এ নিয়ে স্থানীয় বাসিন্দারা ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে এলেও কোনো কার্যকর সমাধান মেলেনি। পরিবেশ অধিদপ্তরে একাধিকবার অভিযোগ দেওয়া হলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানান তারা।
জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকালে জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন গ্রামে গেলে স্থানীয়রা এনামুল হকের কাছে এই দূষণ সমস্যা তুলে ধরেন। সে সময় তিনি দূষণ বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। নির্বাচিত হয়ে শপথ নেওয়ার পরপরই তিনি এলাকাটি পরিদর্শন করলেন এবং দ্রুততম সময়ের মধ্যে সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানালেন।
বৃহস্পতিবার খাল পরিদর্শনকালে সংসদ সদস্য এনামুল হক এনামের সঙ্গে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদুল আলম, বিএনপি নেতা মঈনুল আলম ছোটন, শফিক চেয়ারম্যান এবং দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম নয়নসহ স্থানীয় নেতাকর্মীরা।
