দায়িত্ব পালনে সততার প্রতিশ্রুতি দিলেন এমপি জসীম


বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সদ্য প্রয়াত দলের সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে তিনি এই জিয়ারত সম্পন্ন করেন।

এ সময় উপস্থিত গণমাধ্যমকর্মীদের উদ্দেশে জসীম উদ্দীন আহমেদ বলেন, এলাকার জনগণ সেবা করার যে পবিত্র দায়িত্ব তাকে দিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় সততার সঙ্গে তিনি সেই দায়িত্ব পালন করে যাবেন। একই সঙ্গে তিনি চট্টগ্রাম-১৪ আসনকে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি উন্নত, সুখী এবং সমৃদ্ধশালী মডেল এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

কবর জিয়ারতের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী ও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি এম. এ. হাশেম রাজু, সাবেক ছাত্রনেতা আসিফুল আলম জুয়েল, মো. মাসুদ আহমেদ, এস এম ফরিদ, জাসাস দক্ষিণ জেলার সভাপতি জসিম উদ্দিন, বিএনপি নেতা গিয়াস উদ্দিন, মো. আসলাম, মো. শাহজাহান মন্টু, ছাত্রদল নেতা মো. খোকন উদ্দিন, মৎস্যজীবী দল নেতা কে এম হেমায়েত, ছাত্রনেতা মো. আবিদ এবং সিবগাতুল্লাহ আবু মাসুম।