মানুষকে ডাক্তারের পেছনে ঘুরতে হবে না: স্বাস্থ্যমন্ত্রী


স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়কে সম্পূর্ণরূপে দুর্নীতি ও সিন্ডিকেটমুক্ত একটি জনবান্ধব মন্ত্রণালয় হিসেবে গড়ে তোলা হবে। শুক্রবার নরসিংদীর মনোহরদী উপজেলার হাফিজপুর গ্রামের নিজ বাড়িতে তাঁকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দেশের চিকিৎসা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিয়ে মন্ত্রী বলেন, মানুষকে আর ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, বরং ডাক্তারই মানুষের পেছনে ঘুরবেন। চিকিৎসা সেবা দেশের সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। চিকিৎসা সেবাকে সহজলভ্য ও সর্বজনীন করার মানসিকতা নিয়েই সরকার সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই মহৎ উদ্দেশ্য সম্পূর্ণরূপে পূরণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল দলমতের ঊর্ধ্বে উঠে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, যারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের প্রতি যেমন সরকারের দায়বদ্ধতা রয়েছে, যারা ভোট দেননি তাদের প্রতিও সমানভাবে দায়ভার রয়েছে। সব ধরনের প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে এবং সব বিদ্বেষ ভুলে গিয়ে মুক্তিযুদ্ধের সব পক্ষের মানুষকে সঙ্গে নিয়ে একটি নতুন, সমৃদ্ধশালী ও মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

নরসিংদীবাসীর দীর্ঘদিনের দাবির প্রতি একাত্মতা পোষণ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নরসিংদীতে যাতে দ্রুত একটি মেডিকেল কলেজ স্থাপন করা যায়, সে বিষয়ে সরকার আন্তরিক। আপনারা দোয়া করবেন। এছাড়া দেশের আরও যেখানে যেখানে প্রয়োজন, সবখানেই মেডিকেল কলেজ করা হবে। নরসিংদীর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালসহ যেসব চিকিৎসাকেন্দ্র এখনো চালু হয়নি, সেগুলো যেন দ্রুত মানুষের সেবায় চালু হয়, সে লক্ষ্যে কাজ করা হবে। পাশাপাশি নরসিংদীর মানুষের উন্নত চিকিৎসার জন্য দুটি আইসিইউ ইউনিটের ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. কলিমুল্লাহ, নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ এন এম মিজানুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি সরদার তোফাজ্জল হোসেন লিয়াকত, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রশিদ দোলন, বেলাব উপজেলা বিএনপির সভাপতি আহসান হাবিব বিপ্লব এবং মনোহরদী উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।