
রমজান মাসে ইফতারের সময় বিদ্যুৎ উৎপাদন ও গ্যাস সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে সিএনজি স্টেশন বন্ধ রাখার সময়সূচি পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ছয় ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ থাকবে। এর আগে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত তিন ঘণ্টা স্টেশন বন্ধ রাখার নিয়ম চালু ছিল।
আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। গ্যাস বিতরণ নেটওয়ার্কে স্বল্প-চাপ পরিস্থিতি নিরসন এবং রমজানে বিদ্যুৎ খাতে গ্যাসের বাড়তি চাহিদা পূরণের লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
নতুন এই সময়সূচি আগামী ১৪ মার্চ পর্যন্ত সারা দেশে কার্যকর থাকবে। তবে আসন্ন ঈদ উপলক্ষে মহাসড়কে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং যানবাহনের জ্বালানি সংকট এড়াতে ১৫ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত সারা দেশের সব সিএনজি ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, ঈদের ছুটির পর অর্থাৎ ২৬ মার্চ থেকে পুনরায় আগের নিয়মে ফিরে যাবে সিএনজি স্টেশনগুলো। সেদিন থেকে প্রতিদিন আগের মতো সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত তিন ঘণ্টা স্টেশন বন্ধ থাকবে।
সরকার আশা করছে, এই সাময়িক সময়সূচি পরিবর্তনের ফলে রমজান মাসে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ যেমন বাড়বে, তেমনি ঈদযাত্রায় সাধারণ মানুষকে যানবাহনের কোনো ধরনের জ্বালানি সংকটে পড়তে হবে না।
