সাইফুজ্জামান জাবেদের দুর্নীতির নথিরক্ষক সেই গাড়িচালক গ্রেপ্তার


চট্টগ্রামের কর্ণফুলীর শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের স্ত্রী রুকমিলা জামান চৌধুরীর ব্যক্তিগত গাড়িচালক মো. ইলিয়াছ তালুকদারকে (৫৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে শিকলবাহা ফকিরা মসজিদ এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইলিয়াছ তালুকদার ওই এলাকার তালুকদার বাড়ির মৃত মো. সালেহ আহম্মদ তালুকদারের ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম জানান, পরোয়ানামূলে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা (মামলা নং-০৩) রয়েছে। শুক্রবার সকালে গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ইলিয়াছ তালুকদার দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলারও পরোয়ানাভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে ব্যাংক থেকে টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে মামলা রয়েছে। গত বছরের সেপ্টেম্বরে দুদকের একটি অভিযানে এই চালকের বাড়ি থেকে ২৩ বস্তা গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করা হয়েছিল। ওই সব নথিতে সাবেক ভূমিমন্ত্রীর বিদেশে অর্জিত সম্পদ ও অর্থপাচার সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে বলে জানিয়েছিল দুদক।

এছাড়া সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তাঁর স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিশ’ জারির আদেশও রয়েছে। বর্তমানে তাঁরা বিদেশে পলাতক রয়েছেন।