
চট্টগ্রামের সাতকানিয়ায় পাহাড়, টিলা ও কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি (টপসয়েল) কাটার অভিযোগে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা গ্রামে স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় একাধিক ইটভাটা দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাহাড় ও কৃষিজমির টপসয়েল কেটে ইট প্রস্তুত করে আসছিল। সেনা অভিযানের খবর পেয়ে জড়িতরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় অবৈধ মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর বিকল করে দেয় সেনাবাহিনী।
সাতকানিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজ জানান, কিছু চিহ্নিত মাটিখেকো চক্র সেনাবাহিনীকে ম্যানেজ করার মিথ্যা গুজব ছড়িয়ে এলাকায় পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছিল। স্থানীয়দের কাছ থেকে এমন অভিযোগ পাওয়ার পরপরই অভিযান পরিচালনা করা হয়।
ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজ আরও জানান, এ ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগে হেলাল উদ্দিন বাবলু, মোহাম্মদ হারুন ও মোহাম্মদ রিফাতকে গ্রেপ্তারের লক্ষ্যে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে এওচিয়া ইউনিয়নে পরিবেশ রক্ষায় সেনাবাহিনীর এমন সময়োপযোগী পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অবৈধভাবে মাটি ও পাহাড় কাটার বিরুদ্ধে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে তাদের প্রত্যাশা।
