
চট্টগ্রামের রাউজানে মেহেদী হাসান (৩২) নামের এক শ্রমিক দল নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চৌধুরী মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মেহেদী হাসান উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক এবং ওই ওয়ার্ডের কাজী পাড়া এলাকার মুসলেম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহ আউলিয়া জামে মসজিদে নামাজ পড়ে বাড়ি ফেরার সময় অজ্ঞাত মুখোশধারী সন্ত্রাসীরা মেহেদী হাসানকে হত্যার উদ্দেশ্যে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ ও রক্তাক্ত অবস্থায় তিনি নিজেই মোটরসাইকেল চালিয়ে রাউজান থানায় গিয়ে আশ্রয় নেন। পরে পুলিশ ও স্বজনদের সহযোগিতায় তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে রাউজান উপজেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল আলম জানান, মেহেদী হাসানকে হত্যা করতে সন্ত্রাসীরা অন্তত ছয় রাউন্ড গুলি ছোড়ে। এর মধ্যে দুটি গুলি তার শরীরে বিদ্ধ হয়। একটি গুলি তার বুকের ডান পাশে এবং আরেকটি পায়ে লেগেছে। বর্তমানে তিনি চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন এবং তার অবস্থা সংকটাপন্ন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর ইসলাম জানান, গুলিবিদ্ধ আহত মেহেদী হাসানকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। কারা এই ঘটনার সাথে জড়িত, তা চিহ্নিত করতে পুলিশের কাজ চলমান রয়েছে। জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
