ঝাড়ু হাতে এমপি শাহজাহান চৌধুরী


চট্টগ্রাম–১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পার্লামেন্টারি বোর্ডের সেক্রেটারি শাহজাহান চৌধুরী শপথ গ্রহণের পর নিজ নির্বাচনী এলাকায় এসে সড়ক পরিষ্কার কার্যক্রমে অংশ নিয়েছেন।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সাতকানিয়া পৌরসভার কানুরাম পুকুর এলাকায় ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

সাতকানিয়া পৌরসভা জামায়াতের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঝাড়ু হাতে নিয়ে প্রায় এক ঘণ্টা সড়ক পরিষ্কার করেন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। এ সময় ডাস্টবিন স্থাপন ও পরিচ্ছন্নতা কার্যক্রমও পরিচালনা করা হয়।

উদ্বোধনী বক্তব্যে শাহজাহান চৌধুরী ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, মাতৃভাষার জন্য যারা জীবন দিয়েছেন, মহান আল্লাহ তাদের শাহাদাত কবুল করুন। শহীদ আবদুল জব্বার, আবুল বরকত, আবদুস সালাম ও রফিক উদ্দিন আহমদের আত্মত্যাগের বিনিময়ে বাংলা ভাষা বিশ্বমঞ্চে মর্যাদা পেয়েছে। এর ফলে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কোটি কোটি মানুষ নিজেদের ভাষায় কথা বলার অধিকার প্রতিষ্ঠা করতে পেরেছে।

তিনি আরও জানান, পৌরসভার বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি সৌন্দর্যবর্ধন কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।

সড়ক পরিষ্কার কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ তারেক হোছাইনসহ স্থানীয় নেতাকর্মীরা।