রাঙ্গুনিয়ায় মাদক, সন্ত্রাস ও অবৈধ বালু ব্যবসা বন্ধে কঠোর বার্তা এমপির


চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় মাদক, সন্ত্রাস ও অবৈধ বালু ব্যবসা বন্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। নির্বাচনী অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেছেন, অপরাধ ও অনিয়মের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

শনিবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রাঙ্গুনিয়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এটি ছিল তাঁর প্রথম রাঙ্গুনিয়া সফর।

হুমাম কাদের চৌধুরী জানান, রাঙ্গুনিয়াকে শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের ধারায় এগিয়ে নিতে প্রশাসন ও সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করা হবে। চাঁদাবাজি, সন্ত্রাস কিংবা যেকোনো অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন।

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ এবং রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নবনির্বাচিত এই সংসদ সদস্য রাঙ্গুনিয়াবাসীর কল্যাণে নিরলসভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।