
কক্সবাজারের চকরিয়া পৌরশহরে মেলায় বিক্রির জন্য দোকান থেকে ভুট্টা কিনতে গিয়ে নিখোঁজ হয়েছেন রবিউল হাসান মোজাহিদ নামের ১৪ বছর বয়সী এক কিশোর। শুক্রবার রাত আটটার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর ২৪ ঘণ্টার বেশি সময় পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় শনিবার রাতে নিখোঁজ কিশোরের স্বজনেরা চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। নিখোঁজ রবিউল হাসান মোজাহিদ চকরিয়া উপজেলার কৈয়ারবিলের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুস শুক্কুরের ছেলে।
প্রতিবেশী সাংবাদিক আবুল কালাম আজাদ ওই কিশোরের পরিবারের সদস্যদের বরাত দিয়ে ঘটনার বিস্তারিত জানান। আবুল কালাম আজাদ বলেন, কৈয়ারবিল গ্রামের হিন্দুপাড়ায় একটি মেলা বা মহোৎসব চলছিল। সেখানে বিক্রি করার উদ্দেশ্যে চকরিয়া পৌরশহরের বাণিজ্যিক এলাকা সোসাইটি থেকে ভুট্টা কিনতে শুক্রবার রাতে বাড়ি থেকে বের হয়েছিলেন রবিউল হাসান মোজাহিদ। কিন্তু রাতে তিনি আর বাড়িতে ফিরে আসেননি।
রাতে রবিউল হাসান মোজাহিদ ফিরে না আসায় শনিবার সকাল থেকেই তার পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। এরপর সম্ভাব্য বিভিন্ন স্থানে এবং নিকট আত্মীয়স্বজনের বাড়িতে তার খোঁজ করা হয় বলে জানান আবুল কালাম আজাদ। সারাদিন খোঁজাখুঁজি করেও কোথাও তার কোনো হদিস না পেয়ে অবশেষে শনিবার রাতে পরিবারের পক্ষ থেকে চকরিয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
ছেলেকে হারিয়ে রবিউল হাসান মোজাহিদের বাবা আবদুস শুক্কুর এবং তার মা চরম শোকে কাতর হয়ে পড়েছেন। তারা তাদের নিখোঁজ সন্তানের সন্ধান পেতে পুলিশ প্রশাসনসহ সমাজের হৃদয়বান সব নাগরিকের কাছে আকুল আবেদন ও সহযোগিতা কামনা করেছেন।
