
চট্টগ্রামের হাটহাজারীতে মাদকাসক্ত অবস্থায় জনসমক্ষে মাতলামি ও সাধারণ মানুষের শান্তি বিনষ্ট করার অপরাধে পাঁচ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকালে হাটহাজারী পৌরসভার মেডিকেল গেট এলাকায় অভিযান চালিয়ে তাদের প্রত্যেককে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং একশ টাকা করে জরিমানা করা হয়।
এই অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান।
দণ্ডপ্রাপ্ত ওই পাঁচ ব্যক্তি হলেন—হাটহাজারী পৌরসভার ফটিকা গ্রামের রাজা মিয়ার ছেলে আবদুল জব্বার লিটন (৪৫), ফতেপুর ইউনিয়নের মো. মিজানের ছেলে মো. কবির (৪৭), মেখল ইউনিয়নের মো. ইদ্রিসের ছেলে মো. শাহজাহান (৪৫), কুমিল্লা জেলার শাহজাহান মিয়ার ছেলে মো. জহির আলম (৩১) এবং হাটহাজারী পৌরসভার মাটিয়া মসজিদ এলাকার আলী আহমদের ছেলে মো. আহাদ (২৫)।
উপজেলা প্রশাসন ও অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার বিকালে হাটহাজারী পৌরসভার মেডিকেল গেট এলাকায় কয়েকজন ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় সাধারণ মানুষের শান্তি বিনষ্ট করছেন—এমন একটি সুনির্দিষ্ট তথ্য পায় প্রশাসন। এই তথ্যের ভিত্তিতে দ্রুত সেখানে গিয়ে খবরের সত্যতা পান ভ্রাম্যমাণ আদালত। এরপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পাঁচটি পৃথক মামলায় অপরাধ প্রমাণ হওয়ায় আবদুল জব্বার লিটন, মো. কবির, মো. শাহজাহান, মো. জহির আলম ও মো. আহাদকে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়।
সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পুরো ঘটনার সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান সংবাদমাধ্যমকে জানান, হাটহাজারী এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা এবং সার্বিক শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
