রাঙ্গুনিয়ায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মাঠে উপজেলা প্রশাসন


পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঠেকাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলার রোয়াজারহাট বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান। এই অভিযানে মো. নাজমুল হাসান এর নেতৃত্বে রাঙ্গুনিয়া থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

অভিযান চলাকালে কাঁচাবাজার, ফলের দোকান, মুদি দোকানসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ঘুরে দেখেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দৃশ্যমান স্থানে মূল্যতালিকা টাঙানো, ক্রয়-বিক্রয়ের রসিদ এবং পণ্যের মজুত পরিস্থিতি তদারকি করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি এবং ভাউচার সংরক্ষণের বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান জানান, রমজান মাস শুরুর পর থেকেই সহকারী কমিশনার (ভূমি) নিয়মিত বাজার তদারকি করছেন এবং আজ তিনি নিজেও বাজারের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে সরাসরি মাঠে নেমেছেন।

তিনি আরও জানান, এদিন কাউকে কোনো ধরনের জরিমানা বা কারাদণ্ড দেওয়া হয়নি। মূলত ব্যবসায়ীদের সচেতন করতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। তবে ভবিষ্যতে কোনো অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সাধারণ মানুষের স্বস্তি ফেরাতে রমজান মাসজুড়ে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করেন মো. নাজমুল হাসান।