
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৩ মার্চ থেকে শুরু হচ্ছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম। প্রথম দিন অর্থাৎ ৩ মার্চ দেওয়া হবে ১৩ মার্চের ট্রেনের টিকিট। অন্যদিকে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ এবং ওই দিন বিক্রি করা হবে ২৩ মার্চের টিকিট। যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও সব টিকিট সম্পূর্ণ অনলাইনে বিক্রি করা হবে। এছাড়া ঈদযাত্রায় সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে পাঁচ জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থাও করা হয়েছে।
গত ১৯ ফেব্রুয়ারি রেলপথ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভায় উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী শেখ রবিউল আলম। ঈদে মানুষের বাড়ি ফেরা আনন্দদায়ক ও নির্বিঘ্ন করার লক্ষ্যে ট্রেনের সময়সূচির বিপর্যয় রোধের বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেন মন্ত্রী শেখ রবিউল আলম। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের এই অগ্রিম টিকিট বিক্রি এবং বিশেষ ট্রেন চালুর বিষয়টি সংবাদমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন রেলপথ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী।
চলতি বছর পবিত্র রমজান মাস শুরু হয়েছে ১৯ ফেব্রুয়ারি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। রেলওয়ে সূত্র জানিয়েছে, টিকিট বিক্রির দ্বিতীয় দিন ৪ মার্চ যাত্রীরা পাবেন ১৪ মার্চের টিকিট। এরপর ধারাবাহিকভাবে ১৫ মার্চের ট্রেনের টিকিট বিক্রি হবে ৫ মার্চ, ১৬ মার্চের টিকিট পাওয়া যাবে ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ অনলাইনে বিক্রি করা হবে।
রেলওয়ের কর্মকর্তারা আরও জানান, এবার পশ্চিমাঞ্চলে চলাচলরত আন্তনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট বেলা ২টা থেকে অনলাইনে বিক্রি শুরু হবে। একজন যাত্রী অগ্রিম যাত্রা ও ফিরতি যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট কিনতে পারবেন এবং প্রতিবার সর্বোচ্চ চারটি টিকিট কেনা যাবে। ঈদে অগ্রিম ও ফেরতযাত্রার টিকিটের টাকা কোনোভাবেই ফেরত দেওয়া হবে না বলে জানানো হয়েছে। পাশাপাশি যাত্রীদের সুবিধার্থে আগামী ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন বাতিল ঘোষণা করা হয়েছে।
ঈদযাত্রায় এবার চট্টগ্রাম-চাঁদপুর রুটে এক জোড়া, ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে এক জোড়া এবং জয়দেবপুর-পার্বতীপুর রুটে এক জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে। এছাড়া শোলাকিয়া ঈদ স্পেশাল হিসেবে ভৈরববাজার-কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটে আরও দুই জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে বলে রেলওয়ে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
