
পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বনানী সামরিক কবরস্থানে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আজ রাষ্ট্রীয় মর্যাদায় সেনা শহীদ দিবস পালন করা হয়েছে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন এবং শহীদ পরিবারের স্বজনরাও যোগ দিয়েছেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যারা জীবন দিয়েছেন, তারা চিরভাস্বর হয়ে থাকবেন।
পিলখানার ঘটনাকে পৃথিবীর অন্যতম নৃশংস হত্যাকাণ্ড আখ্যা দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, এই হত্যাকাণ্ডের পেছনের মূল উদ্দেশ্য কী ছিল, তা জানার জন্য তৎকালীন সরকার একটি তদন্ত কমিটি গঠন করলেও তার ফলাফল আজও প্রকাশিত হয়নি। তবে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে গঠিত জাতীয় কমিশনের প্রতিবেদন সামনে এলেও তা বাস্তবায়নে ওই সরকার তেমন কোনো উদ্যোগ নেয়নি।
নতুন করে কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যথোপযুক্ত লোক দিয়েই তদন্ত কমিশন গঠন করেছিল। ওই কমিশনের প্রতিবেদনে আসা সুপারিশ অনুযায়ী বিচারাধীন মামলাগুলোর বিচারিক প্রক্রিয়া সমাপ্ত করা হবে এবং অন্যান্য সুপারিশ ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। এই হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করার অপচেষ্টা হয়েছিল, যা কেবল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে অবিশ্বাসীদের পক্ষেই করা সম্ভব।
