
চট্টগ্রামের মিরসরাইয়ে গামছা দিয়ে পা বাঁধা অবস্থায় চৌধুরী মিয়া (৪০) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার জোরারগঞ্জ থানার দুর্গাপুর ইউনিয়নের পূর্ব দুর্গাপুর গ্রামে ঠাকুরদীঘি বাজারের উত্তর পাশের একটি কৃষিজমি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত চৌধুরী মিয়া একই গ্রামের আমিনুল হকের ছেলে।
পুলিশ জানিয়েছে, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যার পর লাশ ওই জমিতে ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করে পুলিশ তদন্ত শুরু করেছে।
নিহত চৌধুরী মিয়ার বড় বোন আলেয়া বেগম জানান, তার ভাই কৃষিকাজের পাশাপাশি সেচ পাম্প ভাড়ায় খাটাতেন। দুই দিন আগে এক প্রতিবেশীর সঙ্গে তার ভাইয়ের ঝগড়া হয়েছিল। এই হত্যাকাণ্ডের পেছনে ওই প্রতিবেশীদের হাত থাকতে পারে বলে তারা সন্দেহ করছেন। এ ঘটনায় তারা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন এবং সুষ্ঠু বিচার দাবি করেছেন।
