রাউজানে গোয়ালঘরের তালা ভেঙে কৃষকের দুই গরু চুরি


চট্টগ্রামের রাউজানে গোয়ালঘরের তালা ভেঙে মোহাম্মদ রফিক (যিনি ননাই মিঞা নামেও পরিচিত) নামের এক খামারির দুটি উন্নত জাতের গরু চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আয়ের একমাত্র সম্বল এই গরু দুটি হারিয়ে তিনি এখন দিশেহারা।

গত সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার নোয়াজিসপুর ইউনিয়নের নতুন হাট এলাকার করিম সিকদার বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।

গরুর মালিক মোহাম্মদ রফিক জানান, প্রতিদিনের মতো গোয়ালঘরের দরজায় তালা দিয়ে তিনি ঘুমিয়ে পড়েন। পরে রাতে নামাজ পড়তে উঠে দেখেন গোয়ালঘরের দরজা খোলা এবং ভেতরে রাখা গরু দুটি নেই।

কান্নাজড়িত কণ্ঠে মোহাম্মদ রফিক জানান, চুরি হওয়া গরুর মধ্যে একটি শাহিওয়াল জাতের ষাঁড় এবং একটি গাভি ছিল। গাভিটি থেকে দৈনিক ১০ থেকে ১২ লিটার দুধ পাওয়া যেত, আর শাহিওয়াল ষাঁড়টি তিনি আগামী কোরবানির ঈদের জন্য প্রস্তুত করছিলেন। গরু দুটির বর্তমান বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা বলে দাবি করেন তিনি।

তিনি আরও জানান, চুরি হওয়া গাভিটির রং বাদামি এবং ষাঁড়টির রং লাল। কেউ গরু দুটির সন্ধান পেলে তাকে খবর দেওয়ার অনুরোধ জানিয়েছেন এবং সন্ধানদাতাকে উপযুক্ত পুরস্কার দেওয়ার ঘোষণাও দিয়েছেন। একই সঙ্গে চুরি হওয়া গরু উদ্ধারে তিনি পুলিশের সহযোগিতা কামনা করেছেন।