বাবার পিছু পিছু ছুটছিল ছোট্ট ইশফা, ঘাতক ডাম্পার কেড়ে নিল প্রাণ


রমজানের প্রস্তুতি নিতে বাবা হাফেজ আমান উল্লাহ গিয়েছিলেন ইফতার সামগ্রী কিনতে। বাবার পিছু পিছু গুটিগুটি পায়ে রাস্তা পার হচ্ছিল পাঁচ বছরের ছোট্ট শিশু ইশফা আক্তার।

কিন্তু কে জানতো, এই চলাই তার জীবনের শেষ চলা! চট্টগ্রামের বাঁশখালীতে একটি বেপরোয়া বালুভর্তি ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে শিশু ইশফা আক্তারের।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সরল ইউনিয়নের জালিয়াঘাটা মুন্সী হাট বাজার এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

নিহত ইশফা আক্তার জালিয়াঘাটা এলাকার বাসিন্দা হাফেজ আমান উল্লাহর আদরের মেয়ে। সন্তানের এমন মৃত্যুতে পরিবারটিতে এখন চলছে কেবলই শোকের মাতম।

স্থানীয়দের বর্ণনায় উঠে আসে সেই মর্মান্তিক মুহূর্তের কথা। তারা জানান, বাবা হাফেজ আমান উল্লাহ ইফতার সামগ্রী কিনতে জালিয়াঘাটা মুন্সী হাট বাজারের একটি দোকানে গিয়েছিলেন।

বাবার অজান্তেই তার পিছু পিছু দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করে অবুঝ ইশফা আক্তার। ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বালুবাহী ডাম্পার শিশুটিকে চাপা দেয়।

মুহূর্তের মধ্যেই সব শেষ হয়ে যায়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা ইশফা আক্তারকে দ্রুত উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কর্তব্যরত চিকিৎসক শিশু ইশফা আক্তারকে মৃত ঘোষণা করেন। ইফতারের আনন্দ মুহূর্তেই রূপ নেয় বিষাদে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ এই নির্মম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। মো. খালেদ সাইফুল্লাহ জানান, রাস্তা পার হওয়ার সময় বালুভর্তি ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক গাড়ি ও চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।