
চট্টগ্রামের রাউজানে চাঞ্চল্যকর মো. মজিব হত্যার প্রধান আসামি নাঈমকে গ্রেপ্তার করেছে পুলিশ। আত্মগোপনে থাকা অবস্থায় পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
শুক্রবার দুপুরে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী মাজার গেট এলাকা থেকে নাঈমকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার ইফতারের পর অলি মিয়া হাট বাজারে একটি দোকানে অবস্থান করছিলেন মো. মজিব। এ সময় একদল সশস্ত্র দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই হত্যাকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার নিহতের স্ত্রী বাদী হয়ে রাউজান থানায় একটি মামলা দায়ের করেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম আরও জানান, ঘটনার পরপরই গোয়েন্দা শাখা (ডিবি) ও রাউজান থানা পুলিশ যৌথভাবে তদন্ত কার্যক্রম শুরু করে। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িত অন্য আসামিদের শনাক্ত করতে ঘটনাস্থল পরিদর্শন, প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে প্রযুক্তিগত বিশ্লেষণ করা হচ্ছে।
এছাড়া ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তার এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
