লোহাগাড়ায় পিকআপ-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, ৬ জন আশঙ্কাজনক


চট্টগ্রামের লোহাগাড়ায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কনক বড়ুয়া (৩৫) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।

শুক্রবার দুপুর ১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আধুনগর স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে নারী ও শিশুসহ অন্তত আটজন গুরুতর আহত হয়েছেন।

নিহত কনক বড়ুয়া লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের মছদিয়া বড়ুয়া পাড়ার রমেশ বড়ুয়ার ছেলে।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন পিকআপ চালক মো. ইয়াছিনকে আটকে করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। ইয়াছিন কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার রামপুর এলাকার মো. হানিফের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, দুপুরে চট্টগ্রামমুখী একটি মালবাহী পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং চালকসহ যাত্রীরা গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অটোরিকশার মালিক ধনয় বড়ুয়া জানান, গুরুতর আহত চালক কনক বড়ুয়াকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে চন্দনাইশ এলাকায় পৌঁছালে তাঁর মৃত্যু হয়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মো. ইয়াছিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।