
দেশের অর্থনীতির কঠিন পরিস্থিতি সামাল দিতে কর বা ট্যাক্স বাড়ানোর তাগিদ দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশের অর্থনীতি সামাল দিতে ট্যাক্স ও বিনিয়োগ বাড়াতে হবে। বিনিয়োগ না হলে কর্মসংস্থান সৃষ্টি হবে না। দেশি-বিদেশি বিনিয়োগে জোর দেওয়ার পাশাপাশি কর্মসংস্থান গড়ে তোলাকে বর্তমান সরকারের বড় কর্মসূচি হিসেবে উল্লেখ করেন তিনি।
শুক্রবার বিকেলে বন্দরনগরী চট্টগ্রামের পতেঙ্গায় মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় সরকারি হাসপাতালের জন্য সম্ভাব্য জমি পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি জানান, অর্থনীতির চলমান সংকটময় পরিস্থিতি কাটাতে কর বাড়ানোর বিকল্প নেই। সরকার নতুন কর্মসংস্থান সৃষ্টি ও শিক্ষার মানোন্নয়নে নিবিড়ভাবে কাজ করছে।
আগামী বাজেটে কর্মসংস্থান খাত প্রাধান্য পাবে জানিয়ে পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, সরকার শিক্ষায় পরিবর্তন আনবে। নির্বাচনের আগে স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তনের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা পূরণ করা হবে। কর্মসংস্থান সৃষ্টির জন্য প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
পতেঙ্গায় হাসপাতাল নির্মাণের বিষয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, মেরিন ড্রাইভ এলাকায় একটি জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে, যেখানে কয়েকটি বিশেষায়িত ইউনিটও থাকবে। মানুষ যাতে আরও সহজে ভালো স্বাস্থ্যসেবা পায়, সেটি নিশ্চিত করা হবে। এর পাশাপাশি সেখানে একটি নার্সিং ইনস্টিটিউট ও মেডিকেল টেকনোলজিস্টদের জন্য আরেকটি ইনস্টিটিউট গড়ে তোলা হবে। দেশে এসব খাতে ঘাটতি থাকায় একটি বড় জায়গার সন্ধান করা হচ্ছে।
তিনি বলেন, বেশ কয়েকটি সম্ভাব্য জায়গা দেখা হচ্ছে, যার মধ্যে মেরিন ড্রাইভের এই জায়গাটি অন্যতম। সবদিক বিবেচনা করে সবচেয়ে উপযুক্ত জায়গাটিই বেছে নেওয়া হবে। চট্টগ্রাম-১১ আসনের জন্য দেওয়া নিজের ১১ দফা ইশতেহার (যা ১১ তে ১১ নামে পরিচিত) পর্যায়ক্রমে বাস্তবায়নের কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।
