রাঙ্গুনিয়ায় বাজার মনিটরিং, ৫ ব্যবসায়ীকে জরিমানা


চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে টানা দুই দিন অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের এসব অভিযানে মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শুক্রবার উপজেলার লিচুবাগান বাজারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় তিন ব্যবসায়ীর বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়। বিভিন্ন অনিয়মের দায়ে তাদের কাছ থেকে তাৎক্ষণিক আট হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এর আগে বৃহস্পতিবার চন্দ্রঘোনা লিচুবাগান বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান। ওই অভিযানে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা ও অতিরিক্ত দামে বিক্রিসহ নানা অনিয়মের কারণে দুই ব্যবসায়ীকে মোট সাত হাজার টাকা জরিমানা করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পবিত্র রমজান মাস সামনে রেখে বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার করা হয়েছে। কৃত্রিম সংকট সৃষ্টি বা অযৌক্তিকভাবে দাম বাড়ানোর অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রমজানজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও বাজার কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রশাসনের এমন তৎপরতায় সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি দেখা গেছে।