রাঙ্গুনিয়ায় খাল দখল করে স্থাপনা, ২ লাখ জরিমানা


চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা আধুরপাড়া এলাকায় প্রবাহমান খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের দায়ে এক ব্যক্তিকে দুই লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসানের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানকালে দেখা যায়, রাস্তার পাশের খালের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করে অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে। বিষয়টি প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে অভিযুক্ত ব্যক্তিকে দুই লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার কঠোর নির্দেশ দেওয়া হয়।

উপজেলা প্রশাসন থেকে আরও জানানো হয়, সরকারি খাল ও জলাধার দখল করে স্থাপনা নির্মাণ আইনত দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।