হাটহাজারীতে সেচ ও জলাবদ্ধতা নিরসনে দুটি খাল খনন শুরু


পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও হাটহাজারীর সংসদ সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন জানিয়েছেন, কৃষকদের সেচ সুবিধা, জলাবদ্ধতা নিরসন ও পাহাড়ি ঢলের পানি দ্রুত নিষ্কাশনের জন্য সরকার খাল খননে বিশেষ গুরুত্ব দিচ্ছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকারের বয়স মাত্র ১২ দিন হলেও দেশের মানুষের স্বার্থে নানা উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে, যার অংশ এই খাল খনন।

শনিবার দুপুরে হাটহাজারী উপজেলার মিঠাছড়া ও ভানজইন খালের পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এসব কথা জানান।

বর্তমান সরকারকে কৃষকবান্ধব আখ্যায়িত করে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, কৃষকদের স্বার্থ বিবেচনা করে সরকার ইতিমধ্যে বিশাল অঙ্কের কৃষিঋণ মওকুফ করে দিয়েছে। মিঠাছড়া ও ভানজইন খাল পুনঃখনন শেষ হলে পৌরসভা ও উপজেলার উপরিভাগের জলাবদ্ধতা সমস্যার নিরসন হবে। খালের জায়গা দখলমুক্ত করতে প্রশাসন, রাজনৈতিক নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

দখলদার যত প্রভাবশালীই হোক না কেন, এমনকি নিজ দলের নেতাকর্মী হলেও কাউকে বিন্দুমাত্র ছাড় না দিতে প্রশাসনকে কঠোর নির্দেশ দেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রথমে মিঠাছড়া খালের বড় বিল এলাকায় এবং পরে ভানজইন খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়। প্রাথমিকভাবে ২৫ লাখ টাকা ব্যয়ে মিঠাছড়া খালের দুই কিলোমিটার এবং ৫০ লাখ টাকা ব্যয়ে ভানজইন খালের তিন কিলোমিটার খনন করা হবে।

চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ভূ-উপরিভাগের পানি ব্যবহারের মাধ্যমে সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও উপজেলা প্রশাসন যৌথভাবে এই খাল পুনঃখনন কাজের আয়োজন করে।

অনুষ্ঠানে বিএডিসির নির্বাহী প্রকৌশলী মোশাররফ হোসেন ভূঁইয়া, চট্টগ্রাম জোনের সহকারী প্রকৌশলী তমাল দাশ, বিএডিসি হাটহাজারীর উপ-সহকারী প্রকৌশলী দীপেন চাকমা এবং পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী শাহীন বাদশা উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ, সদস্য সচিব গিয়াস উদ্দিন, পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকের হোসেন ও সদস্য সচিব অহিদুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।