
পার্বত্যাঞ্চলে বনসম্পদ রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলা এলাকায় অভিযান চালিয়ে ১৩৫ টুকরো অবৈধ গোদা কাঠ জব্দ করা হয়েছে।
শনিবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের দীঘিনালা জোনের বেতছড়ি আর্মি ক্যাম্পের সদস্যরা এই অভিযানে অংশ নেন।
সেনা সূত্র জানিয়েছে, অভিযানে জব্দ করা কাঠের পরিমাণ প্রায় ১৭৪ ঘনফুট, যার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ২৬ হাজার ৪০০ টাকা।
সেনা সূত্রে আরও জানা যায়, বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা এলাকা থেকে কাঠ সংগ্রহ করে দীঘিনালার মেরুং ইউনিয়নের হাজাছড়া হয়ে পাচারের চেষ্টা করা হচ্ছিল। বেতছড়ি আর্মি ক্যাম্পের চেকপোস্টে দুটি চাঁদের গাড়ি তল্লাশি করে কাঠগুলো জব্দ করা হয়।
তবে অভিযানের সময় জড়িতরা পালিয়ে যেতে সক্ষম হন। পাচারচক্রকে শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
পরে জব্দ করা কাঠ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
