হাটহাজারীতে প্রবাসীদের উদ্যোগে ইফতার বিতরণ, প্রতিমন্ত্রী মীর হেলালের প্রশংসা


রমজানের মূল শিক্ষা হলো সহমর্মিতা, আত্মসংযম ও মানবসেবা—এমন মন্তব্য করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন (এমপি) বলেছেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষের সম্মিলিত উদ্যোগে অসহায় ও নিম্নআয়ের পরিবারের পাশে দাঁড়ানো সম্ভব। পবিত্র এই রমজানে হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাত সংগঠনটি যে উদ্যোগ গ্রহণ করেছে, তা অত্যন্ত প্রশংসনীয়।

শনিবার বিকেলে হাটহাজারী পৌরসভার কলাবাগানস্থ একটি মার্কেট চত্বরে হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ আয়োজনে সংগঠনটির পক্ষ থেকে এক হাজার অসহায় পরিবারকে ইফতার সামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ, পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, উপজেলা বিএনপির সদস্যসচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, পৌর বিএনপির সদস্যসচিব অহিদুল আলম, বিএনপি নেতা রহমতউল্লাহ ও সালাউদ্দিন আলী এবং শ্রমিক দল নেতা নাসির উদ্দিন চৌধুরী।

এ ছাড়া হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির আহ্বায়ক জসিম উদ্দিন তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম মোদাচ্ছের শাহ ও এনামুল হক ফোরকান, সদস্যসচিব মোহাম্মদ সাইফুল্লাহ এবং সদস্য রুবেল চৌধুরী, রবিউল হোসেন, গিয়াস মাহমুদ, সাহেদ চৌধুরী, আবদুর রহিম, আবদুর রহমান, আবদুস ছত্তার ও ওমর গনি।

পরে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন উপজেলার মাদার্শা ইউনিয়নে বিএনপি নেতা মরহুম মোহাম্মদ মুছার স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।