বিজয়ীরা পরাজিতদের ওপর হামলে পড়ছেন: মিয়া গোলাম পরওয়ার


জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের অনেকেই দেশের বিভিন্ন স্থানে পরাজিতদের ওপর হামলে পড়ছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর অনেক নেতা-কর্মীর ওপর আক্রমণ করা হচ্ছে, বাড়িঘরে আগুন দেওয়াসহ নির্মমভাবে আঘাত করা হচ্ছে।

রোববার চট্টগ্রামে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন। নগরের জিইসি কনভেনশন হলে এই আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম শাখা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, নতুন বাংলাদেশ নির্মাণের জন্য সবাই মিলে রক্তে গড়া জুলাই জাতীয় সনদ ও সংস্কার প্রস্তাব পাসের মধ্য দিয়ে যে নতুন অভিযান শুরু হয়েছে, সেখানে সবার অঙ্গীকার ছিল রাজনীতিতে সহনশীলতা, পরমতসহিষ্ণুতা ও একে অপরকে মেনে নেওয়া। কিন্তু বিজয়ীরা পরাজিতদের প্রতি সেই উদাহরণ রাখতে না পারলে প্রত্যাশা পূরণ হয় না বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গায় যে দুটি আসনে জয়ী হয়েছে, সেখানে পরাজিতদের ওপর কোনো হামলা হয়নি; বরং তাঁরা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ বজায় রেখেছেন। অথচ অনেক আসনে বিজয়ীরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের ওপর চড়াও হচ্ছেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের বক্তব্য উদ্ধৃত করে মিয়া গোলাম পরওয়ার বলেন, সাইকেলে যেমন দুটি চাকা থাকে, তেমনি সরকারেরও দুটি চাকা—সরকারি দল ও বিরোধী দল। এই দুই চাকার সমন্বয়, সংহতি ও সহযোগিতার মধ্য দিয়েই সরকার সামনের দিকে এগিয়ে চলে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সরকারি দলের পক্ষ থেকে এমন কোনো উদাহরণ দেখা যাচ্ছে না; উল্টো এখনো মামলা ও অভিযোগ করা হচ্ছে।

ইরানের পরিস্থিতি তুলে ধরে মিয়া গোলাম পরওয়ার বলেন, মাহে রমজানের এ সময়ে সব মুমিনের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তাঁর পরিবারসহ সরকারি উচ্চপর্যায়ের লোকদের একের পর এক হত্যা করা হয়েছে। পাশাপাশি ফিলিস্তিনের মুক্তিসংগ্রামী স্বাধীনতা যোদ্ধাদের ওপর হামলা ও হত্যারও তীব্র নিন্দা জানান তিনি।

নগর জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান এবং চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।