
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরাণীহাট বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
সোমবার (২ মার্চ) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
অভিযানকালে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুত রাখার দায়ে ‘রাইহা এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানকে দোষী সাব্যস্ত করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির মালিক জাহেদুল ইসলামের কাছ থেকে ৬০ দশমিক ৫ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এই অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দিন ফয়সল। এ সময় সাতকানিয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও সাতকানিয়া থানার পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান জানান, নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এটি মাটির উর্বরতা নষ্ট করে, পানি নিষ্কাশন ব্যবস্থাকে বাধাগ্রস্ত করে এবং জলাবদ্ধতা ও পরিবেশ দূষণের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান আরও জানান, সরকার পরিবেশ রক্ষার স্বার্থে পলিথিন ব্যাগ উৎপাদন, মজুত, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে। তাই এই নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
