
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার (২ মার্চ) ফোর ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ‘দি বেবী টাইগার্স’-এর অধীন দীঘিনালা জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল-আমিনের নির্দেশনায় উপজেলার দীঘিনালা ইউনিয়নের বানছড়া এলাকার নোয়াপাড়ার দুর্গম পাহাড়ি স্থানে দিনব্যাপী এ চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়। এতে চার শতাধিক গরিব, অসহায় ও দুস্থ মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন এবং বিনা মূল্যে প্রয়োজনীয় ওষুধ পান।
দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে উপস্থিত থেকে সেবা প্রদান করেন দীঘিনালা জোনের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মুহাম্মদ শায়খউদ্দীন সাকলাইন। তিনি মনোযোগসহকারে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজন অনুযায়ী ওষুধ দেন। চিকিৎসা কার্যক্রমে শিশু থেকে বৃদ্ধ, শিক্ষার্থীসহ পাহাড়ি ও বাঙালি সব শ্রেণি-পেশার মানুষ বিনা মূল্যে সেবা ও ওষুধ পেয়ে সন্তোষ ও উচ্ছ্বাস প্রকাশ করেন।
এ বিষয়ে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন জানান, দীঘিনালা জোন শান্তি ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
সেনাবাহিনীর এই মহৎ উদ্যোগের জন্য এলাকাবাসী বাংলাদেশ সেনাবাহিনী তথা দীঘিনালা জোনের প্রতি ভূয়সী প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় চিকিৎসা কার্যক্রমে দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, স্থানীয় হেডম্যান, কারবারি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
