খাগড়াছড়িতে পুলিশ কর্মকর্তাকে ময়লা পরিষ্কারের নির্দেশ ওয়ার্ড বয়ের


খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনায় রোগীদের ভোগান্তি দীর্ঘদিনের। অভিযোগ রয়েছে, হাসপাতালে ভর্তি থাকা রোগীদের দিয়েই নিজ নিজ ওয়ার্ড পরিষ্কার করানো হয়। কর্তব্যরত ওয়ার্ড বয়ই রোগীদের ময়লা পরিষ্কার করতে বাধ্য করেন।

সোমবার সকালে ঘটে যাওয়া এক অপ্রত্যাশিত ঘটনার পর হাসপাতালটির এসব অব্যবস্থাপনার চিত্র নতুন করে সামনে আসে।

জানা যায়, পুলিশের উপপরিদর্শক (এসআই) মহসীন আলী কয়েক দিন ধরে তাঁর অসুস্থ স্ত্রীকে নিয়ে ওই হাসপাতালে ভর্তি রয়েছেন।

সোমবার সকাল ৭টায় হাসপাতালের অস্থায়ী ওয়ার্ড বয় ইব্রাহীম ওই ওয়ার্ডে গিয়ে অন্যান্য রোগীর মতো এসআই মহসীন আলী ও তাঁর স্ত্রীকেও ময়লা পরিষ্কার করার নির্দেশ দেন। ঠিক তখনই বাধে বিপত্তি।

এ সময় সেখানে ভর্তি থাকা অন্যান্য রোগীরাও ওয়ার্ড বয় ইব্রাহীম কর্তৃক তাঁদের দিয়ে ময়লা পরিষ্কার করানোর বিষয়টি তুলে ধরেন।

এ বিষয়ে কথা বলতে অফিস চলাকালীন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষে গেলেও তাঁকে পাওয়া যায়নি। তবে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা এসআই মহসীন আলীর কাছে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।