সড়কের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি, চরম দুর্ভোগে ছোট মহেশখালীর মানুষ


কক্সবাজারের মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের সিপাহিরপাড়া কমলাপাড়া এলাকায় সড়কের একেবারে মাঝখানে বিদ্যুতের খুঁটি স্থাপন করায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সরু এই রাস্তায় খুঁটিটির অবস্থানের কারণে অটোরিকশা, ভ্যান, মোটরসাইকেলসহ বিভিন্ন ছোট যান চলাচল এবং সাধারণ মানুষের স্বাভাবিক যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এই সড়ক ব্যবহার করে প্রতিদিন স্কুলগামী শিক্ষার্থী, বয়স্ক ব্যক্তি, কর্মজীবী মানুষ ও রোগীরা যাতায়াত করেন। স্থানীয় বাসিন্দারা জানান, খুঁটির কারণে মুমূর্ষু বা ডেলিভারি রোগী পরিবহন, এমনকি লাশের খাটিয়া বহন করতেও তীব্র বাধার মুখে পড়তে হচ্ছে। ঝুঁকি নিয়ে খুঁটির পাশ ঘেঁষে যান চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত উৎকণ্ঠায় থাকতে হয় পথচারীদের। দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চললেও দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

স্থানীয় বাসিন্দা নুরুল আবছার অভিযোগ করে বলেন, জনবহুল এলাকার এই সড়কের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি স্থাপন করায় মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছে সবাইকে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, এলাকায় হঠাৎ অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসের গাড়ি কোনোভাবেই ভেতরে প্রবেশ করতে পারবে না, যা বড় ধরনের প্রাণহানি ও বিপর্যয়ের কারণ হতে পারে। দ্রুত খুঁটিটি অপসারণ করে স্বাভাবিক চলাচলের ব্যবস্থা করার জোর দাবি জানান নুরুল আবছার।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে মহেশখালী পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের প্রধান কর্মকর্তা নাজমুল হাসান জানান, এ ধরনের কোনো অভিযোগ এখনো তার দপ্তরে পৌঁছায়নি এবং একুশে পত্রিকার মাধ্যমেই তিনি প্রথম বিষয়টি জানতে পেরেছেন।

নাজমুল হাসান আরও জানান, যদি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে এমন কাজ করে থাকে, তবে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং খুঁটি অপসারণ করে জনদুর্ভোগ লাঘব করা হবে। আর যদি রাস্তা প্রশস্ত করার কারণে খুঁটিটি মাঝখানে চলে এসে থাকে, সেক্ষেত্রে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।