চিফ হুইপের সঙ্গে জামায়াতে ইসলামীর সংসদীয় প্রতিনিধিদলের সাক্ষাৎ


বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পার্লামেন্টারি বোর্ডের একটি প্রতিনিধিদল। বুধবার (৪ মার্চ) জাতীয় সংসদে চিফ হুইপের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান এমপির নেতৃত্বে জামায়াতের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন দলের পার্লামেন্টারি সেক্রেটারি শাহজাহান চৌধুরী এমপি এবং সহকারী সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি।

সাক্ষাৎকালে চিফ হুইপ নুরুল ইসলাম এমপি এবং জামায়াতের প্রতিনিধিদলের সদস্য রফিকুল ইসলাম খান এমপি, শাহজাহান চৌধুরী এমপি ও ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জাতীয় সংসদের কার্যক্রম, সংসদীয় শিষ্টাচার ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

বৈঠকে সংসদীয় কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ করতে সরকার ও বিরোধী দলের মধ্যে গঠনমূলক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। গণতান্ত্রিক চর্চা শক্তিশালী করতে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত নেতারা।

সাক্ষাৎ শেষে নুরুল ইসলাম এমপি, রফিকুল ইসলাম খান এমপি, শাহজাহান চৌধুরী এমপি ও ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি আশা প্রকাশ করেন যে, এ ধরনের সৌজন্য বৈঠক ভবিষ্যতে সংসদীয় কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে।