চকরিয়ায় বাজার তদারকি: বেশি দামে পণ্য বিক্রির দায়ে জরিমানা


পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে এবং অসাধু ব্যবসায়ীদের কৃত্রিম সংকট তৈরি রোধে কক্সবাজারের চকরিয়ায় বাজার তদারকিতে নেমেছে উপজেলা প্রশাসন। এর অংশ হিসেবে বেশি দামে পণ্য বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কয়েকজনকে জরিমানা করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) বিকেলে চকরিয়া পৌর শহরের বাণিজ্যিক কেন্দ্র সোসাইটি কাঁচাবাজারে এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন দেলোয়ার। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপায়ন দেব, চকরিয়া থানা-পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যরা।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, বাজারে অতিরিক্ত দামে পণ্য বিক্রি এবং সড়কে মালামাল রেখে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে বেশ কয়েকজন ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সাধারণ ক্রেতাদের সুবিধার্থে অন্যান্য ব্যবসায়ীদেরও অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করার বিষয়ে কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার জানান, রমজানের শুরু থেকেই কঠোরভাবে বাজার তদারকি করা হচ্ছে। এ কারণে অসাধু ব্যবসায়ীরা চাইলেও পণ্যের দাম বাড়াতে পারেনি। যাঁরা বেশি দামে পণ্য বিক্রি করছেন বলে খবর পাওয়া যাচ্ছে, তাঁদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায়সহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।