কলকাতার প্রান্তিক শিশুদের নিয়ে বসন্ত উৎসব উদযাপন


কলকাতার কাটাপুকুর মাঠে প্রান্তিক শিশুদের নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় আনন্দমুখর পরিবেশে বসন্ত উৎসব উদযাপিত হয়েছে। ‘উই আর দ্য কমন পিপল’–এর আয়োজনে এবং ‘স্বদেশী জাগরণ মঞ্চ কলকাতা মহানগর’–এর সহযোগিতায় সম্প্রীতির এই উৎসব অনুষ্ঠিত হয়।

উৎসবে প্রান্তিক শিশুরা রঙের খেলায় মেতে ওঠে এবং ব্যান্ডের সুরে পুরো পরিবেশ মুখরিত হয়ে ওঠে। আনন্দঘন এই আয়োজনের শেষ পর্বে উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করানো হয়।

আয়োজকদের পক্ষে শুভজিৎ দত্তগুপ্ত জানান, সমাজের প্রান্তিক শিশুদের সঙ্গে নিবিড় সংযোগ গড়ে তোলাই তাঁদের এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র আন্দোলনের নেতা আদিত্য দত্ত, সংগীতশিল্পী প্রিয়া নন্দী, বিশিষ্ট বাউলশিল্পী সম্রাট বাউল, বিশিষ্ট বাচিকশিল্পী শিখা মিত্র এবং বিশিষ্ট সমাজকর্মী বৈভব গুপ্ত।