রাউজানে জুয়ার আসরে পুলিশের অভিযান, নগদ টাকাসহ গ্রেপ্তার ৬


চট্টগ্রামের রাউজানে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে চারজন এবং পরোয়ানাভুক্ত আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার গভীর রাতে উপজেলার গহিরা ইউনিয়নের কোতোয়ালি ঘোনা এলাকার খোরশেদ আলমের পুকুর পাড়ের একটি বাগান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- কোতোয়ালী ঘোনা এলাকার মঞ্জুর আলম (২৭), মো. নুর উদ্দিন (২৮), মো. শাহাদাত হোসেন (৩৪), মো. আলম (৩৮), মো. ইব্রাহিম এবং হাটহাজারী উপজেলার দক্ষিণ মেখল এলাকার মো. মামুন (৩৮)।

রাউজান থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁনের নির্দেশনায় এবং রাউজান থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলামের তত্ত্বাবধানে এসআই জান্নাতুন নাঈম রাজনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে ২১২টি তাস, নগদ ১০ হাজার ৩৩০ টাকা, চারটি মোমবাতি ও তিনটি গ্যাস লাইট উদ্ধার করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা মুছা ও হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তিরা কোতোয়ালী ঘোনা এলাকার ‘সন্ত্রাসী জাহাঙ্গীর মিয়াজী’ গ্রুপের সদস্য। তারা এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ নানা অপরাধে জড়িত। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে স্থানীয়রাই মূলত জুয়ার আসর বসার পর পুলিশকে খবর দেন।

এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, জুয়া খেলার আসর থেকে নগদ টাকা ও সামগ্রীসহ চারজনকে হাতেনাতে ধরা হয়। এছাড়া বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আগে থেকেই অস্ত্র, দস্যুতা, চুরি ও মাদক মামলা রয়েছে।