ফটিকছড়িতে বিল নিয়ে জটিলতা, শিক্ষক-হিসাবরক্ষকের হাতাহাতি


চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় একটি বিলের ছাড়পত্র নিয়ে করোনেশন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ে এ ঘটনা ঘটে। এতে কিছু সময়ের জন্য কার্যালয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, করোনেশন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জসিম উদ্দিন একটি পুরোনো বিল উত্তোলনের জন্য হিসাবরক্ষণ কার্যালয়ে যান। সেখানে হিসাবরক্ষণ কর্মকর্তা এ কে এম নজরুল ইসলাম বিল সংক্রান্ত নথিপত্রে আইনি জটিলতার কথা তুলে ধরেন।

এ নিয়ে দুজনের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা এবং পরে তা হাতাহাতিতে রূপ নেয়। খবর পেয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা দ্রুত এগিয়ে এসে দুপক্ষকে আলাদা করে পরিস্থিতি শান্ত করেন।

শিক্ষক জসিম উদ্দিন বলেন, “বেতন সংক্রান্ত বিল ফরম নিয়ে হিসাবরক্ষণ অফিসে গিয়েছিলাম। কিন্তু বিলটি নিষ্পত্তি না করে বিভিন্ন অজুহাতে আমাকে হয়রানি করা হয়।”

বিরক্ত হয়ে তিনি বিল ফরম নিয়ে চলে আসতে চাইলে তাকে বাধা দেওয়া হয় এবং কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয় বলে দাবি করেন এই শিক্ষক।

অন্যদিকে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা এ কে এম নজরুল ইসলাম জানান, ওই শিক্ষক দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। সেই সময়ের কিছু বিল ফরম নিয়ে তিনি অফিসে এসেছিলেন।

তিনি আরও বলেন, “বিলগুলোর সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় আমরা তা গ্রহণ করতে পারিনি। পরে তিনি অফিস থেকে তার পূর্ববর্তী বিদ্যালয়ের কিছু নথি নিয়ে চলে যেতে চাইলে আমরা বাধা দিই, এতে উত্তেজনার সৃষ্টি হয়।”

উপজেলা শিক্ষা কর্মকর্তা ড. সেলিম রেজা জানান, খবর পেয়ে তিনি হিসাবরক্ষণ অফিসে গিয়ে প্রাথমিকভাবে পরিস্থিতি শান্ত করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মো. ইব্রাহিম জানান, উভয় পক্ষের মধ্যে কিছু ভুল-বোঝাবুঝির কারণে ঘটনাটি ঘটেছে। পরে বিষয়টি পরিষ্কার হলে দুই পক্ষই তা উপলব্ধি করে একে অপরের কাছে দুঃখ প্রকাশ করেছে।