চট্টগ্রাম কারাগারে বন্দিদের সাথে আলাপে প্রথমবার ইন্টারকম সুবিধা


চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ইতিহাসে প্রথমবারের মতো বন্দিদের সাথে স্বজনদের সাক্ষাতে কথোপকথনের জন্য ‘ওয়ান টু ওয়ান ইন্টারকম’ টেলিফোন ব্যবস্থা চালু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এই নতুন ব্যবস্থার উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া।

সংশ্লিষ্টরা জানান, বেসরকারি কারা পরিদর্শক হিসেবে দায়িত্ব পাওয়া এক কর্মকর্তার প্রস্তাবের ভিত্তিতে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজনস) ও জেলা প্রশাসনের অনুমোদনে এই উদ্যোগ নেওয়া হয়।

এই প্রকল্পের আওতায় কারাগারের সাক্ষাৎকার ভবনের নিচতলায় এক পাশে ১৬টি এবং অপর পাশে ১৬টিসহ মোট ৩২টি ইন্টারকম টেলিফোন স্থাপন করা হয়েছে। এর ফলে কাঁচের দেয়ালের দুই পাশে থাকা বন্দি ও স্বজনরা এখন থেকে ইন্টারকমের মাধ্যমে নির্বিঘ্নে কথা বলতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল আলম, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ ইকবাল হোসাইনসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাংবাদিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কারাগারের পরিবেশ ও সেবার মানোন্নয়নে আগামীতে আরও বেশ কিছু পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।