হাটহাজারীতে র‍্যাব-পুলিশের অভিযানে শিবিরের সাবেক সভাপতি গ্রেপ্তার


চট্টগ্রামের হাটহাজারীতে র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার দুপুরে হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নাজমুল হাসান এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার রাতে নিজ বসতঘর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সালাউদ্দীন আইয়ূবী (৪৫) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের হাটহাজারী উত্তর থানা শাখার সাবেক সভাপতি। তিনি উপজেলার গুমানমর্দন ইউনিয়নের সাদেক নগর গ্রামের কুমারী কুলস্থ বালু শাহ গেটের পূর্ব পাশের বাসিন্দা মো. জানে আলমের ছেলে।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান জানান, ২০১৩ সালের একটি মামলায় সালাউদ্দীন আইয়ূবীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। বৃহস্পতিবার রাতে র‍্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করে।

শুক্রবার সকালে গ্রেপ্তার সালাউদ্দীনকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি মো. জাহিদুর রহমান।