
পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো দুই দিনের সরকারি সফরে কক্সবাজার যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আগামী ৮ ও ৯ মার্চ তিনি এই সফরে কক্সবাজারে অবস্থান করবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এই সদস্য। নির্বাচনের পরদিন তিনি পেকুয়া উপজেলা সদরের নিজ বাসভবন থেকে মা-বাবার কবর জিয়ারত করে ঢাকায় ফিরে যান। এরপর নতুন সরকার গঠনে তিনি রাজধানীতে ব্যস্ত সময় পার করেন। নতুন সরকারে তাঁকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ৮ মার্চ রোববার দুপুর ২টায় বাংলাদেশ সচিবালয় থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিকেল ৩টা ৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাঁর কক্সবাজারের উদ্দেশে যাত্রার কথা রয়েছে।
একই দিন বিকেল ৪টা ১০ মিনিটে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে সড়কপথে কক্সবাজার সার্কিট হাউজে গিয়ে তিনি সংক্ষিপ্ত সময় অবস্থান করবেন। পরে সন্ধ্যা ৭টায় কক্সবাজার থেকে পেকুয়ার উদ্দেশে রওনা দিয়ে রাত ৮টার দিকে নিজ বাসভবনে পৌঁছাবেন এবং সেখানে রাত্রিযাপন করবেন।
পরদিন ৯ মার্চ সোমবার সকাল ১০টায় পেকুয়া থেকে আবারও কক্সবাজারের উদ্দেশে যাত্রা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। সকাল সাড়ে ১১টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভায় তিনি অংশ নেবেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।
দুপুর ২টায় তিনি কক্সবাজার সার্কিট হাউজ থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন। এরপর বিকেল ২টা ৪৫ মিনিটে এয়ার অ্যাস্ট্রার একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে তাঁর যাত্রা করার কথা রয়েছে। বিকেল ৩টা ৫৫ মিনিটে ঢাকায় পৌঁছে তিনি গুলশানের নিজ বাসভবনের উদ্দেশে রওনা দেবেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভুঁইয়া স্বাক্ষরিত সফরসূচিতে এই সরকারি সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
