
চট্টগ্রামের সাতকানিয়ায় তরমুজের আড়তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় ম্যাজিস্ট্রেটকে দেখে কয়েকজন আড়তদার দোকান খোলা রেখেই পালিয়ে গেছেন। পরে অভিযান শেষ হলে তাঁরা আবার নিজেদের দোকানে ফিরে আসেন।
শনিবার (৭ মার্চ) বিকেলে উপজেলার রাস্তার মাথা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযান শুরুর পর প্রথমে মেসার্স শাহ আমানত সাতকানিয়া ফার্মকে ১০ হাজার টাকা এবং সৌদিয়া ফার্মকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। মূল্যতালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার আইনে এই জরিমানা আদায় করা হয়।
এ সময় ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে আশপাশের কয়েকজন আড়তদার দোকান খোলা রেখে দ্রুত এলাকা ত্যাগ করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বাধীন দলটি চলে গেলে তাঁরা আবার দোকানে ফিরে আসেন।
অভিযানের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান সংবাদমাধ্যমকে জানান, শনিবার বিকেলে তরমুজের আড়তে অভিযান চালানো হয় এবং পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় দুটি আড়তকে জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান আরও জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে। আইন না মানলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
