মানিকছড়িতে আগুনে পুড়ল বাড়ি, ক্ষতিগ্রস্ত রহিমার পাশে প্রশাসন


খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় অগ্নিকাণ্ডে বাড়িঘর পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত রহিমা বেগমের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। শনিবার (৭ মার্চ) সকালে ক্ষতিগ্রস্ত পরিবারটির হাতে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আফরোজ ভূঁইয়া।

এর আগে শুক্রবার (৬ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার ডাইনছড়ি ইউনিয়নের মাস্টারঘাটা এলাকার মন্তাজ মিয়ার টিলায় সাগর আহমেদের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে বাড়িটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

সাগর আহমেদের স্ত্রী রহিমা বেগম জানান, শুক্রবার রাত ৯টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে তাঁদের ধারণা। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে আগুনে সব পুড়ে ছাই হয়ে যায়। রহিমা বেগম আরও জানান, তাঁর স্বামী সাগর আহমেদ জীবিকার তাগিদে ঢাকায় একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করেন।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে শনিবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত রহিমা বেগমকে দুই বান্ডিল ঢেউটিন, নগদ ছয় হাজার টাকা, চারটি কম্বলসহ এক প্যাকেট শুকনো খাবার ও অন্যান্য ত্রাণসামগ্রী দেওয়া হয়।

ত্রাণ বিতরণের সময় মানিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কাজী মাসুদুর রহমান উপস্থিত ছিলেন।