দেশি পোশাকে ভারতীয় ট্যাগ, চট্টগ্রামে ‘রাজস্থান’কে লাখ টাকা জরিমানা


দেশে তৈরি পাঞ্জাবিতে ভারতীয় স্টিকার লাগিয়ে বিক্রির অভিনব জালিয়াতি ধরা পড়েছে চট্টগ্রামের টেরিবাজারে। এই অপরাধে ‘রাজস্থান’ নামের একটি পোশাকের দোকানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (৭ মার্চ) টেরিবাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাজস্থানসহ মোট তিনটি প্রতিষ্ঠানকে এক লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অভিযানে ‘খাজানা’ নামের আরেকটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটি পুরোনো দামের স্টিকারের ওপর নতুন স্টিকার লাগিয়ে পোশাকের দাম বাড়িয়ে দিয়েছিল। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ ইফতারসামগ্রী বিক্রি এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির দায়ে ‘কুদু’ নামের একটি খাবারের দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্লাহ জানান, অভিযানের সময় রাজস্থানে একই পাঞ্জাবিতে ভারতীয় ও বাংলাদেশি দুটি আলাদা ট্যাগ পাওয়া যায়। যাচাই করে দেখা গেছে, বাংলাদেশে তৈরি পণ্যকে ভারতীয় বলে বেশি দামে বিক্রি করা হচ্ছিল। এ জন্যই ওই প্রতিষ্ঠানটিকে এই জরিমানা করা হয়েছে।