পটিয়ায় চাঁদাবাজির অভিযোগের ব্যাখ্যা দিলেন পরিবহন শ্রমিক বখতিয়ার


মাহফিলের নামে পটিয়ায় বাসে বাসে চাঁদাবাজি শীর্ষক একুশে পত্রিকায় প্রকাশিত সংবাদের লিখিত ব্যাখ্যা দিয়েছেন অভিযুক্ত পরিবহন শ্রমিক বখতিয়ার আলম। লিখিত বক্তব্যে তিনি চাঁদা তোলার বিষয়টি স্বীকার করে জানিয়েছেন, আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নাম ব্যবহার করে পুরোনো মিলাদ মাহফিল কমিটির অনিয়ম ও দুর্নীতির কারণেই এই ধর্মীয় অনুষ্ঠানটি বন্ধ হয়ে যায়।

লিখিত বক্তব্যে বখতিয়ার আলম উল্লেখ করেন, পটিয়া বাস স্টেশনের সাধারণ শ্রমিকদের বেতনের টাকা দিয়ে ১৯৮৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত প্রতিবছর এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ২০২৩ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত পুরোনো কমিটির মাধ্যমে মিলাদের জন্য অনুদান তোলা হলেও আর্থিক দুর্নীতির কারণে মাহফিল বন্ধ রাখা হয়।

বখতিয়ার আলম আরও দাবি করেন, আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের বর্তমান সাধারণ সম্পাদক মো. মুছার নেতৃত্বে ও উপস্থিতিতে এর আগে সব মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তাই একুশে পত্রিকায় প্রকাশিত সংবাদে সাধারণ সম্পাদক মো. মুছা মিলাদ মাহফিল নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করে সাধারণ শ্রমিকদের পক্ষ থেকে প্রতিবাদ জানান বখতিয়ার আলম। তাঁর দাবি, বর্তমানে সাধারণ শ্রমিকদের সম্মিলিত উদ্যোগে ও তাঁর নিজস্ব সহযোগিতায় মাহফিলটি পুনরায় চালু করার জন্যই নতুন করে আর্থিক অনুদান সংগ্রহ করা হচ্ছে।

প্রতিবেদকের বক্তব্য: একুশে পত্রিকায় ‘মাহফিলের নামে পটিয়ায় বাসে বাসে চাঁদাবাজি’ শীর্ষক সংবাদ প্রকাশের পর রোববার (৮ মার্চ) সকাল থেকে অনেক শ্রমিক নতুন মিলাদ মাহফিলের নামে কোনো টোকেন নেননি এবং চাঁদা দেওয়া থেকে বিরত থেকেছেন। প্রকাশিত ওই সংবাদে প্রতিবেদকের নিজস্ব কোনো মতামত দেওয়া হয়নি।