
চট্টগ্রাম নগরের নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয়ের এসএসসি ১৯৯৬ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে ‘বয়েজ অফ ৯৬’-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ মার্চ) নগরের একটি রেস্তোরাঁয় আয়োজিত এই ইফতার মাহফিলে ব্যাচের শিক্ষার্থীরা অংশ নিয়ে দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে সৌহার্দ্য ও বন্ধুত্বের অপার বন্ধনে মিলিত হন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘বয়েজ অফ ৯৬’-এর আহ্বায়ক মো. মোবারক উল্লাহ মাসুম। আয়োজকেরা জানান, বন্ধুদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করা এবং পারস্পরিক যোগাযোগ আরও দৃঢ় করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।
এই আয়োজন প্রসঙ্গে পরিচালনা কমিটির সদস্য মো. মাঈনুল হক জিলানি, শরীফ আহমেদ খান, মো. আলী মাসুদ ও মুহাম্মদ সাজেদুল হক জানান, বন্ধুদের মধ্যে দীর্ঘদিনের সম্প্রীতি ও সহযোগিতার মনোভাব গড়ে তোলার লক্ষ্যেই এমন মহতী উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে গত জানুয়ারি মাসে রাজধানীর গুলশানে নিজ অফিস ভবনের নিচে নির্মাণসামগ্রীর লোহার আঘাতে নিহত বন্ধু আশফাকুজ্জামান চৌধুরী পিপলুর অকালমৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয়। পরে তাঁর রুহের মাগফিরাতসহ সকলের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মোহাম্মদ মাহাবুবুল হক।
উল্লেখ্য, ‘বয়েজ অফ ৯৬’ নামের এই গ্রুপটি ২০১৬ সাল থেকে বন্ধুদের পারস্পরিক যোগাযোগ রক্ষা এবং বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
